পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত নতুন কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন এবং ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে দুমকি উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জাকির আলম মিলনকে সভাপতি ও মো. জহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করে ঘোষিত নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়ন পাননি এমন অভিযোগে পদবঞ্চিতদের একটি অংশ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। একই স্থানে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে অপর একটি পক্ষ। কর্মসূচি পালনকালে দুই পক্ষ মুখোমুখি হলে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
সংঘর্ষ চলাকালে পদবঞ্চিত নেতাকর্মীদের বিরুদ্ধে ৪টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে। এতে পদবঞ্চিত পক্ষের ধাওয়ার মুখে নতুন কমিটির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
সংঘর্ষে আহত ৩ জন (১) সৈয়দ রিয়াদ (৩১), পিতা: জাহাঙ্গীর মিরা, সাবেক সদস্য, দুমকি উপজেলা ছাত্রদল,(২) শাকিল জমাদ্দার (২৭), পিতা: দেলোয়ার জমাদ্দার, সাবেক ছাত্রদল নেতা, জনতা কলেজ (দুমকি),(৩)আবদুল ওয়াব (৩২), পিতা: আবদুল সতার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক, দুমকি উপজেলা কৃষক দল।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, একই স্থানে যুবদলের দুই পক্ষের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

