বরগুনার আমতলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ২৮ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আমতলী উপজেলা ছাত্রলীগের কর্মী মো. সাগর মাহমুদ নিশান (২৩) ও মো. রাকিবুল ইসলাম গাজী (২৮)।
নিশান হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। গাজী চাওড়া ইউনিয়নের চাওড়া চলাভাঙ্গা এলাকার মৃত নুরুজ্জামান গাজীর ছেলে।
আমতলী থানা পুলিশ জানায়, শুক্রবার রাত ২টা ২০ মিনিটে নিশানকে এবং রাত ৩টা ১৫ মিনিটে গাজীকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা আমতলীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তারা ২০২৫ সালের ৭ অক্টোবর আমতলী থানায় দায়ের করা একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলাটিতে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট-১৯৭৪ এর ১৫(৩)/২৫(ডি), দণ্ডবিধির ৩২৩/৩২৬/৩০৭ এবং এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট-১৯০৮ এর ৩এ/৬ ধারায় অভিযোগ রয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

