গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সরকারি খাস পুকুরপাড়ের ১১টি গাছ অনুমতি ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে।
আজ(১৯ জুলাই) বুধবার সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল বড় মাঠ এলাকায় সরকারি খাস পুকুরপাড়ে লাগানো ১১টি বিভিন্ন প্রজাতির গাছ অনুমতি ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় সোহেল মোল্যার বিরুদ্ধে।
জানা যায়, সোহেল মোল্যা গাছগুলো একই গ্রামের রিপন শেখের নিকট ২৫ হাজার টাকায় বিক্রি করেন। রিপন শেখ শ্রমিক নিয়ে গাছ কাটতে গেলে স্থানীয়রা বাধা দিয়ে প্রশাসনকে অবহিত করেন। পরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ৭টি কাটা গাছ উদ্ধার করেন। অবশিষ্ট ৪টি গাছ কাটা হয়নি।
সোহেল মোল্যা গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করেন। তবে গাছের ক্রেতা রিপন শেখ ২৫ হাজার টাকায় ১১টি গাছ কেনার বিষয়টি স্বীকার করেন।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি জানান, কাটা গাছগুলো জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

