ফরিদপুরের নগরকান্দায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. লোকমান শেখ (৬৮) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল রবিবার উপজেলার গাংতালমা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. মোতাহার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গাংতালমা এলাকা থেকে লোকমান শেখকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ধীরাজুদ্দিন শেখের ছেলে। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট আনুমানিক ওজন ৫০০ গ্রাম।
উদ্ধারকৃত গাঁজা ইতিমধ্যেই জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল এই অভিযানের প্রশংসা করে জানিয়েছেন, বয়সের তোয়াক্কা না করে এভাবে মাদক ব্যবসায় জড়িয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো প্রয়োজন।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে জেলাজুড়ে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।