ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর সোনাগাজীতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী পরীক্ষায় ছাত্রলীগ নেতার পাস নিয়ে বিতর্ক

Link Copied!

 

ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে নির্বাচিত হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। এমন অভিযোগ ওঠার পর তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম বাতিলের দাবি জানিয়েছেন অনেকে।

রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে চরমজলিশপুর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী হিসেবে আব্দুল্লাহ আল জাবেরের নাম রয়েছে। তিনি চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। একাধিক আ.লীগ ও যুবলীগ নেতার সঙ্গে তার ছবি প্রকাশ করা হয়েছে।

ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাবেরের নাম বাতিলের দাবি জানান।

তাদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে দায়িত্ব দেওয়ার আগে প্রার্থীদের রাজনৈতিক পরিচয়সহ প্রয়োজনীয় বিষয় যথাযথভাবে যাচাই করা হয়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট সুপারভাইজার এবং ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি পদে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। এর মধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে মোট ১৭৫ জনের ফল প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় জাবেরের নাম থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু।

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক পরিচয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, সেটি খতিয়ে দেখা দরকার।’

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমি পরীক্ষা দিয়েছি। তবে পাস করব, এটা ভাবিনি। পাস করার পর ফেসবুকে শোরগোল দেখে অস্বস্তিতে রয়েছি। বলা যায়, পাস করে বিপাকে পড়েছি।’ তার দলীয় পরিচয় সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি জাবের।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন বলেন, সরকারি নীতিমালা মেনেই পরীক্ষা নেওয়া হয়েছে। সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে ১৭৫ জনের ফলাফল প্রকাশ করা হয়েছে। দুজনের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তবে লিখিত অভিযোগ পেলে সেগুলো যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।