মিরসরাইয়ে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক এই সংসদ সদস্য। জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। বিএনপি নেতার শোক প্রকাশ ও দলীয় কর্মসূচি না থাকার ঘোষণা।
চট্টগ্রামের মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের (৮৩) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (১৪ মে) নিজ এলাকা মিরসরাইয়ের ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণকে জানাজায় অংশ নিতে দেখা যায়।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল জানান, বাবা দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি মিরসরাইয়ের উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। সবাই বাবার জন্য দোয়া করবেন।
অন্যদিকে মিরসরাইয়ের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন জানাজায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা না দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ঘোষণা দেন, ‘বৃহস্পতিবার মিরসরাই উপজেলার কোথাও আমাদের কোনো দলীয় কর্মসূচি নেই।’ দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভোগার পর বুধবার সকালে স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোশাররফ হোসেন।
