ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আমতলীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

 

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বরগুনার আমতলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, স্মরণানুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার পুলিশ পরিদর্শক মো. ইয়াকুব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনজুরুল হক কাওসার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল আলম এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তুহিন মৃধা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কবির ফকির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমতলী উপজেলা সভাপতি মো. উমর ফারুক জিহাদি, পৌর সভাপতি কামরুজ্জামান, এনসিপির প্রতিনিধি, জুলাই যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমতলী উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের স্বাধীনতা, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আদর্শ তুলে ধরার পাশাপাশি শহীদদের স্বপ্নের একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই সম্ভব হবে, যখন আমরা সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করব। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে উন্নয়ন, সম্প্রীতি ও জনকল্যাণমুখী সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আমতলী উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত, আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা, শহীদ পরিবারের সার্বিক কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও স্থিতিশীলতা কামনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত সবাই গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে শহীদদের স্মরণ করেন।