ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবারের টেবিলে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
আজ ৮ জুন (সোমবার) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে দেওড়া নয়াকান্দি গ্রামে কনেপক্ষের বাড়িতে বরযাত্রী আগমনের পর ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। বিপত্তি ঘটে দুপুরের খাবারের টেবিলে। বরযাত্রীদের আপ্যায়নের সময় কয়েকজনকে মাংস কম দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে বরপক্ষের কয়েকজন প্রথমে কনেপক্ষের লোকজনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে এই সামান্য কথা কাটাকাটিই উগ্র রূপ নেয়। মুহূর্তের মধ্যে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে পুরো বিয়ে বাড়ির আনন্দঘন পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। এতে দুই পক্ষের অন্তত ৮ জন কম-বেশি আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সামান্য মাংস নিয়ে এমন তুলকালাম ও মারামারির ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছিল।
