পটুয়াখালীর কলাপাড়ায় হত্যা মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় বাদীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন মামলার বাদী মো.বাবুল মিয়া।
গতকাল সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে টিয়াখালী ইউনিয়নের বালিয়াতলী ব্রিজের উত্তর পাড়ে বাবুল মিয়া ও তার ভাইয়ের পথরোধ করেন মামলার আসামিরা। এ সময় লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোঁটা দিয়ে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন। হামলায় বাবুলের ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে পরে স্থানীয়দের সহায়তায় আহত বাবুলকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ।
বাবুল মিয়ার দাবি, তার বাবা হারিচ আহমেদকে হত্যার অভিযোগে দায়ের করা জিআর-৯৩/২৬ মামলা প্রত্যাহারের জন্য দীর্ঘদিন ধরে তাকে চাপ ও ভয়ভীতি দেখানো হচ্ছিল। মামলা প্রত্যাহার না করলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৌখিক ভাবে ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে কোন মারামারির ঘটনা পাওয়া যায়নি, তবুও বিষয় টি নিয়ে অনুসন্ধান চলছে।
