পটুয়াখালীর কলাপাড়ায় ৪ লিটার ৫০০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. শাহিন হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কলাপাড়া থানার এসআই (নিঃ) হামিদুল হক খানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কোম্পানিপাড়ায় মো. শাহআলম মোল্লার চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর থেকে মো. শাহিন হাওলাদারকে আটক করা হয়। পরে তার দখল থেকে ৪ লিটার ৫০০ মিলিলিটার অ্যালকোহলযুক্ত দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. শাহিন হাওলাদার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহল্লাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. শামছুল হক হাওলাদার এবং মায়ের নাম মোছা. জাহানারা বেগম।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২৪(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি নং-২৭, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
