পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. আল-আমিন তালুকদার (৩৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চম্পাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি বলে পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া থানার পুলিশের একটি দল চম্পাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, কলাপাড়া থানার মামলা নম্বর-২০, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক), ১৯(ক)/৪১ ধারায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় আল-আমিন তালুকদার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে আল-আমিন তালুকদারসহ কয়েকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। এ সময় কলাপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হলে তিনি সহযোগীদের নিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পালিয়ে যান।
অভিযানকালে পুলিশ মোসা. রুনা বেগম (৪৫), মোসা. মিম আক্তার (২৯), মো. রায়হান হোসেন (২৩) ও রাজিব আকন (৩০) নামে চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে চম্পাপুরের মাছুয়াখালী এলাকা থেকে আল-আমিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
কলাপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
