ফরিদপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
একই ঘটনায় নিহতের জানাজার আগে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতারা এই ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।
গত শনিবার (২০ জুন) বিকেল পাঁচটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দারদিয়া মহল্লার বাসিন্দা মির্জা ইশতিয়াক আহমেদকে (মাদক পাওয়ার অভিযোগে) তাঁর বাড়ির সামনে থেকে আটক করে ডিবি পুলিশের একটি দল। ইশতিয়াক মধুখালী উপজেলা ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। পরিবারের অভিযোগ, আটকের সময় তাঁর মায়ের সামনেই ইশতিয়াককে বেধড়ক মারধর করা হয়। এর পরদিন রোববার সকাল আটটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবির হেফাজতে তাঁর মৃত্যু হয়।
ফেসবুক পোস্টে যা বললেন বিএনপি নেতা মঙ্গলবার দেওয়া ফেসবুক পোস্টে এ কে এম কিবরিয়া লেখেন: ফরিদপুর জেলায় একজন আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। পূর্বে তাঁর নামে কোনো মামলা ছিল কি না জানি না। পুলিশ বলছে, মাদকসহ আসামিকে গ্রেপ্তার করেছে। কিন্তু রাতে অসুস্থ হয়ে ছেলেটা মারা যাওয়ার পরে পুলিশ সুপারের বক্তব্য ও শেখ হাসিনা সরকারের পুলিশের বক্তব্য হুবহু মিলে যায়।
ফ্যাসিবাদী আমলের পুলিশি বয়ান মানুষ ঘৃণার চোখে দেখত মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন যে, গণতান্ত্রিক সরকারের পুলিশের বয়ান অধিকতর গ্রহণযোগ্য হবে। পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, পুলিশ হেফাজতে মৃত্যুর এ ধরনের ঘটনা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের ভাবমূর্তি নষ্ট করছে।
পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বলেন, শুধু দায়িত্বশীল কর্মকর্তার প্রত্যাহার বা চাকরিচ্যুতিই বড় কথা নয়; মূল কথা হলো প্রকৃত ঘটনা তদন্ত করে বের করা এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, যাতে আগামী দিনে এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
