পটুয়াখালীর কলাপাড়ায় চলাচলের অনুপযোগী একটি গ্রামীণ সড়ক নিজ উদ্যোগে মেরামত করে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা মোঃ জিহাদ হোসেন। তিনি পটুয়াখালী কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।
জানা গেছে, ৮নং ওয়ার্ডের উত্তর চরপাড়া এলাকা থেকে তেগাছিয়া ও ডালবুগঞ্জ বাজারে যাতায়াতের সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও বেহাল অবস্থায় ছিল। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো ওই পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীদের। বিষয়টি নজরে আসলে জনস্বার্থ বিবেচনা করে ছাত্রদল নেতা মোঃ জিহাদ হোসেন নিজ উদ্যোগে ও অর্থায়নে সড়কটি চলাচলের উপযোগী করতে সংস্কার কাজ পরিচালনা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে তাদের যাতায়াতে পোহাতে হয়েছে মারাত্মক কষ্ট। জিহাদ হোসেনের এই স্বেচ্ছাশ্রম ও উদ্যোগের ফলে এখন মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে।
এ বিষয়ে মোঃ জিহাদ হোসেন জানান, জনকল্যাণ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ভবিষ্যতেও তিনি এমন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন।
