পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ব্যস্ততম নাইয়াপট্টি সড়কটি পর্যাপ্ত সিসি ঢালাই না থাকায় বিভিন্ন স্থানে নিচু হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই এসব নিচু অংশে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে পর্যাপ্ত ঢালাই না থাকায় যানবাহন চলাচলের সময় সৃষ্টি হচ্ছে অতিরিক্ত ঝাঁকুনি। এতে ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষ চলাচল করেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির নিচু অংশগুলোতে পানি জমে থাকায় দিন দিন চলাচলের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় দুর্ভোগ চরমে পৌঁছায়। রোগী বহনকারী যানবাহন চলাচলের ক্ষেত্রেও দেখা দেয় নানা ভোগান্তি।
এলাকাবাসীর দাবি, সড়কের নিচু স্থানগুলোতে দ্রুত অতিরিক্ত সিসি ঢালাই দিয়ে সমতল করার পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, “পৌরসভায় বরাদ্দ আসলেই দ্রুত সড়কটি মেরামত করা হবে।”
জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।
