আশাশুনি উপজেলার ব্যতিক্রমধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা এবিসি কেজি স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) পরীক্ষার দ্বিতীয় দিনে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম।এবছর বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির মোট ৩০২ জন শিক্ষার্থী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরিদর্শনকালে সভাপতি পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরীক্ষা শেষে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর সঙ্গে মতবিনিময়কালে এড. শহিদুল ইসলাম বলেন, শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীদের যে পরিমাণ জানা ও বোঝার প্রয়োজন, তা বিবেচনায় নিয়ে নির্ধারিত নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের উপযোগী প্রশ্নপত্র প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক কতটা জ্ঞানী, তার সর্বোচ্চ প্রয়োগ হওয়া উচিত শ্রেণিকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের বিষয়গুলো সহজভাবে বোঝানোর ক্ষেত্রে-প্রশ্নপত্রকে অযথা কঠিন করার ক্ষেত্রে নয়। শিক্ষার্থীদের বয়স, শ্রেণি ও মানসিক সক্ষমতা বিবেচনায় রেখে প্রশ্ন তৈরি করতে হবে।
মতবিনিময়কালে বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং মূল্যায়ন ব্যবস্থাকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করার বিষয়ে মতামত তুলে ধরেন।

