নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার। বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকায় পানি জমে থাকায় এবং পয়োনিষ্কাশনের সুব্যবস্থা বা বালু ভরাটের ব্যবস্থা না করায় শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনের মাঠজুড়ে পানি জমে রয়েছে। কোথাও হাঁটুসমান পানি, আবার কোথাও কাদা ও আগাছায় ভরে আছে। স্কুল মাঠে বিচরণ করছে হাঁস। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক সময় বাধ্য হয়ে পার্শ্ববর্তী বাড়ির ওপর দিয়ে যাতায়াত করতে হয়। এতে ওই বাড়ির বাসিন্দারাও বিব্রত বোধ করছেন।
স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা জানায়, স্কুলে মাঠে পানি জমে থাকা তারা অন্যের বাড়ীর ওপর দিয়ে আসলে তারা রাগ করে। মাঠে পানি জমে থাকায় তারা খেলাধুলা করতে পারেনা। তাই দ্রুত বিদ্যালয়ের মাঠ ভরাট, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং যাতায়াতের উপযুক্ত রাস্তা নির্মাণের দাবি জানিয়েছে তারা।
স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে যায়। দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ের পরিবেশও অনুপযোগী হয়ে পড়ছে। এ ছাড়া দুষিত পানিতে চলাচলের ফলে নানা ধরনের চর্ম রোগে আক্রান্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে বিদ্যালয়টিকে জলাবদ্ধতামুক্ত করা হোক।
এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোনিয়া পারভিন বলেন, জলাবদ্ধতার কারণে স্কুলের প্রধান গেইট বন্ধ হয়ে গেছে। স্কুলে আসতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অন্যের বাড়ীর ওপর দিয়ে আসতে হয়। তবে উর্ধতন কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নিতে ইতিমধ্যে মাপ নিয়েছেন বলে জানান। দ্রুত জলাবদ্ধতা নিরসন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা ওই ক্লাষ্টারের এটিও বিষয়টি আমাকে জানায়নি। আপনাদের মাধ্যমে অবগত হলাম। সমস্যা নিরসনে ওই স্কুলের প্রধান শিক্ষককে তিনি দেখা করতে বলেছেন।

