পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় মাদক উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন কলাপাড়া থানায় কর্মরত এসআই জাহিদুল ইসলাম জয়। ২০২৬ সালের মে ও জুন মাসজুড়ে পরিচালিত সফল মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্ট তামিল কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
রবিবার পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে দায়িত্বশীল ও সফল পুলিশ সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআই জাহিদুল ইসলাম জয় ধারাবাহিকভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি আদালতের ওয়ারেন্ট দ্রুত বাস্তবায়ন, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনে দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার মূল্যায়ন হিসেবেই তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও একই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
সহকর্মী ও স্থানীয়দের মতে, এসআই জাহিদুল ইসলাম জয় একজন দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা। সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, অপরাধ দমনে সক্রিয় ভূমিকা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের কারণে তিনি এলাকায় সুনাম অর্জন করেছেন। তার এই অর্জনে কলাপাড়া থানার পুলিশ সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।
এসআই জাহিদুল ইসলাম বলেন, এ সম্মাননা শুধু আমার একার ব্যক্তিগত অর্জন নয়, বরং কলাপাড়া থানার সার্বিক মাদকবিরোধী কার্যক্রম সকল ফোর্সের সহযোগিতা ও পেশাদার পুলিশিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছি।

