গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ফেনীতে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ফেনী ইউনিটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ১২ বছর আগে র্যাবের হাতে গুম হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম। তিনি সন্তানের সন্ধান ও ন্যায়বিচার দাবি করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর থেকেই তারা ছেলের কোনো খোঁজ পাননি।
অধিকারের ফেনী ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিভিন্ন সাংবাদিক নেতা, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক প্রতিনিধিরা। এ সময় বক্তারা গুম প্রতিরোধে রাষ্ট্রীয় ভূমিকা জোরদার করার পাশাপাশি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের হাতে গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা দেওয়ার দাবি জানান।

