উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখছেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শওকত হোসেন তপন বিশ্বাস
স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কলাপাড়া উপজেলার লালুয়া ও চম্পাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথকভাবে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের (জুলাই ২০২৬ – জুন ২০২৭) প্রস্তাবিত বাজেট জনসম্মুখে উপস্থাপন করা হয় এবং স্থানীয় জনগণের মতামত, সুপারিশ ও প্রত্যাশা গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়।
চম্পাপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান জনাব শাহজাহান প্যাদা। সভায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ ফরদি উদ্দিন। অপরদিকে, লালুয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শওকত হোসেন তপন বিশ্বাস এবং বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব প্রবীর দেবনাথ।
উভয় সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য, নারী নেত্রী, যুব প্রতিনিধি, কৃষক, জেলে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, “উন্মুক্ত বাজেট কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়; এটি জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে আস্থা, সহযোগিতা এবং অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। জনগণের চাহিদা ও অগ্রাধিকারকে প্রাধান্য দিয়ে বাজেট প্রণয়ন করা হলে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই হবে।”
চম্পাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ ফরদি উদ্দিন বলেন, “গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণের সরাসরি অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে নাগরিকরা তাদের মতামত প্রকাশের সুযোগ পান এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবগত হন, যা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
সভায় অংশগ্রহণকারী নাগরিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণ, দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অধিক বরাদ্দের দাবি জানানো হয়। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জনগণের এসব সুপারিশ বাজেট বাস্তবায়ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, উক্ত উন্মুক্ত বাজেট সভার আয়োজন করে লালুয়া ও চম্পাপুর ইউনিয়ন পরিষদ। সভা বাস্তবায়নে কারিগরি ও সহযোগিতামূলক সহায়তা প্রদান করে আভাস ও একশনএইড বাংলাদেশ | অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
