হবিগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত শুক্রবার (১২ জুন) রাতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক দল বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী, আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য এবং সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বড়বহুলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। সেখান থেকে মোঃ ইমরান মিয়া ওরফে হৃদয় (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইমরান ওই গ্রামের মৃত শাদত আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, সদর থানার একটি ডাকাতি মামলার তদন্তের সূত্র ধরে পাঁচপাড়িয়া (পীরের বাড়ি) এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সদস্য মো. শাফি উদ্দিন ওরফে জাহিরকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। জাহির ওই এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
পৃথক আরেকটি অভিযানে সদর থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও সংঘর্ষ মামলার এজাহারভুক্ত আসামি রিদয় মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়। সে বাতাসর গ্রামের মৃত নূরুজ মিয়ার ছেলে। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন— নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মৃত কুদরত উল্লার ছেলে মোঃ খলিল উল্লা (৪৪) এবং রাজনগর কবরস্থান রোড এলাকার ছফি মিয়ার ছেলে নজির মিয়া। এছাড়াও অভিযানে সন্দেহভাজন হিসেবে পুলিশ আইনের ৩৪ ধারায় আরও তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন— যশের আন্দা এলাকার আব্দুর রহিম ওহাব (২৪), একই এলাকার উজ্জ্বল মিয়া (৩২) এবং শায়েস্তানগর পুল রবিদাস পাড়ার কৃষ্ণ রবিদাস (২৫)। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে পুলিশের এমন নিয়মিত অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
